স্পোর্টস ডেস্ক : অনেকে তাকে তুলনা করে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে। গত জানুয়ারিতে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। যেটি বিশ্বকাপের সেরা আর যুব ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। সেই লয়েড পোপ এবার গড়লেন আরেকটি দারুণ রেকর্ড।
১৮ বছর বয়সি এই লেগ স্পিনার অ্যাডিলেডে গতকাল শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৮৭ রানে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির এই প্রতিযোগিতার ১২৬ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইনিংসে সাত উইকেট নিলেন তিনি।
পোপ ভেঙেছেন ৫৩ বছরের পুরোনো রেকর্ড। ১৯৬৫ সালে ডগ ওয়ালটার্স ৭ উইকেট নিয়েছিলেন ১৯ বছর বয়সে। ১৮ বছর ৩২৮ দিন বয়সে ওয়ালটার্সের রেকর্ড ভেঙে দিলেন পোপ।
আর শেফিল্ড শিল্ডে আগের সর্বকনিষ্ঠ লেগ স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল নরভাল ক্যাম্পবেলের। নিউ সাউথ ওয়েলসের এই বোলার ১৯২৬ সালে ১১৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
গত সপ্তাহে শেফিল্ড শিল্ডে অভিষেক হয় পোপের। পরের সপ্তাহে নিজের মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেই গড়লেন রেকর্ড। তবে নিজের রেকর্ডের ব্যাপারে তিনি জানতেনই না।
ইতিহাসে নাম লেখানোর পর পোপ বলেছেন, ‘আমি এটা জানতাম না। সত্যি বলতে আমি পরিসংখ্যান অনুসরণ করি না। এই প্রথম আমি এটা শুনলাম। এটা বেশ ভালো।’

