স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন ৯ বছর হয়ে গেল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের ভালোবাসা একটুও কমেনি! পর্তুগিজ তারকাকে তারা সযতনে পুষে রেখেছেন হৃদয়ের মণিকোঠায়। প্রমাণ মিলল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে। জুভেন্টাসের জার্সিতে প্রতিপক্ষ হয়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন রোনালদো। মাঠে নামার সময় ম্যানইউভক্তদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি। সাবেক ফুটবলারকে তারা দাঁড়িয়ে সম্মান জানান।
২০০৩ সালে স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবন ছেড়ে ম্যানইউতে নাম লেখান রোনালদো। স্যার আলেক্স ফার্গুসন তাকে পরিণত ফুটবলার হিসেবে গড়ে তুলেন। ছয় বছর ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিতে কাটিয়েছেন পর্তুগিজ তারকা। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগসহ একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০০৯ সালে যখন তখনকার দলবদলে রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন, ম্যানইউর ভক্ত-সমর্থকরা খুব মন খারাপ করেছিলেন। তবে রোনালদোর জন্য মনে ক্ষোভ কিংবা অভিমান পুষে রাখেননি তারা। তাই তো জুভেন্টাস তারকাকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন। ম্যাচ চলাকালীন এক ভক্ত নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন মাঠে। আর দৌড়ে সোজা ছুটে যান রোনালদোর কাছে। রোনালদোও ভক্তকে হতাশ করেননি। তাকে সেলফি উপহার দিয়েছেন।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্লাবের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘ওল্ড ট্রাফোর্ডে পুনরায় খেলতে পারাটা ছিল দারুণ কিছু। আমাকে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
ম্যানইউ ভক্তরা রোনালদোর প্রতি ভালোবাসা দেখালেও তিনি কিন্তু সাবেক ক্লাবকে একটুও ছাড় দেননি। পাওলো দিবালার একমাত্র গোলে জুভেন্টাস জিতেছে। আর ওই গোলের মূল কারিগর ছিলেন রোনালদোই।

