বিনোদন ডেস্ক : সানি দেওল, প্রীতি জিনতা, আমিশা প্যাটেল অভিনীত সিনেমা ভাইয়াজি সুপারহিট। নানা কারণে বিলম্বিত এ সিনেমার মুক্তি আরেক দফা পেছাচ্ছেন নির্মাতারা।
আগামী ১৯ অক্টোবর ভাইয়াজি সুপারহিট মুক্তির কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে আসছে দীপাবলীতে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ভাইয়াজি সুপারহিট নিয়ে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। আসছে শুক্রবার বাধাই হো, নমস্তে ইংল্যান্ড সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। এ সিনেমা দুটির অবস্থা তুলনামূলক ভালো। অন্যদিকে সানি দেওলের ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে খুব ভালো ব্যবসা করেনি। প্রযোজকরা এখন ভাইয়াজি সুপারহিট সিনেমার মুক্তির পরিকল্পনা বাদ দিতে চাইছেন।’
২০১১ সালে প্রথম ভাইয়াজি সুপারহিট সিনেমার ঘোষণা দেয়া হয়। এমনকি ২০১২ সালে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে অর্থনৈতিক সমস্যার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ফের সিনেমাটির শুটিং শুরু হয়। কয়েকদিন আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতারা। পাশাপাশি এর ট্রেইলারও প্রকাশ করেন তারা।

