স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্লাব চেলসির সঙ্গে আরো দুই বছরের চুক্তি রয়েছে ইডেন হ্যাজার্ডের। গ্রীষ্মের দলবদলেই চেলসি ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উঠে। ওই সময় স্টামফোর্ড ব্রিজ না ছাড়লেও এবার শৈশব থেকেই ভালা লাগার ক্লাব রিয়ালের প্রশংসা করলেন বেলজিয়ান এ তারকা।
চলতি মৌসুমে ইংলিশ লিগে দারুণ ফর্মে রয়েছেন হ্যাজার্ড। ইতিমধ্যেই লিগে চেলসির হয়ে ৭ গোল পেয়েছেন তিনি। চেলসির সঙ্গে চুক্তি বাড়ানোর কথা উঠলেও এ নিয়ে এখনি কিছু বলতে চাইছেন না হ্যাজার্ড। এ প্রসঙ্গে বেলজিয়ান এ তারকার বক্তব্য, ‘আমি বলতে চাই না এখনই চুক্তিতে সই করবো। আমার জন্য কোনটা ভালো সেটা দেখবো। সেই সঙ্গে ক্লাবের ভালোটাও দেখতে হবে। কেননা ক্লাব আমাকে সবকিছুই দিয়েছে।’
চেলসির প্রতি কৃতজ্ঞ থাকলেও পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদ সম্পর্কে হ্যাজার্ড বলেন, ‘এই মুহূর্তে আমি ভালো ফুটবল খেলছি। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আমি আজ মিথ্যে বলতে চাই না। শৈশব থেকেই সেখানে খেলার স্বপ্ন ছিল আমার। আমি ওই ক্লাবটি নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আমরা দেখবো ভবিষ্যত হয়। আমি প্রতিদিন এটা নিয়ে কথা বলতে চাই না। সেটা নিয়ে বেশি কথা বলার সময়ও নেই। তবে ভবিষ্যত নিয়ে শিগরিই কথা বলবো আমি।’

