বিনোদন প্রতিবেদক : ‘ফোক সম্রাজ্ঞী’ খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ। অ্যালবাম ও চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। যদিও চলচ্চিত্রের গানে খুব বেশি পাওয়া যায় না তাকে। বর্তমানে বেছে বেছে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এবার মাসুদ পথিকের ‘মায়া-দ্যা লাস্ট মাদার’ সিনেমার একটি গান গাইলেন মমতাজ।
মাসুদ পথিকের লেখা ‘ডালিম গাছ’ শিরোনামের গানটির সুর করেছেন প্লাবন কোরেশী ও সংগীতায়োজন করেছেন মুশফিল লিটু। ‘বাড়ির ওই পূর্বধারে একটা ডালিম গাছ/ বুকের ভেতর গোপন বাসা দুইটা পাখির বাস’- এমন কথার গানটির তিনটি আলাদা ভার্সন তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ড সম্পন্ন হয়েছে।
এ গান প্রসঙ্গে মমতাজ বলেন, ‘‘খুব চমৎকার বিষয় নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ পথিক। তার লেখা ‘ডালিম গাছ’ গানটিও বেশ সুন্দর। প্রেম, আদর, বিরহ মেশানো গানটি গেয়ে খুব আরাম পেয়েছি। আমার মনে হয় দর্শক-শ্রোতারাও গানটি ভালোভাবেই গ্রহণ করবেন।’’
নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘‘মমতাজ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। মাটি ও মানুষের গানে তার কণ্ঠ যেন মধু হয়ে ঝরে। আমার সিনেমার ‘ডালিম গাছ’ গানটিও তিনি দারুণ গেয়েছেন। গানের কথা, সুরের সঙ্গে তাল মিলিয়ে মমতাজের গায়কী শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’’
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মুমতাজ সরকার ও বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। এছাড়াও অভিনয় করেছেন প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, কবি আসলাম সানী, ড. শাহাদত হোসেন নিপু, কবি কামাল চৌধুরী, আসলাম শিহির, নার্গিস আকতার, লীনা ফেরদৌসী প্রমুখ।

