স্পোর্টস ডেস্ক : আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভাঙায় সাময়িক নিষিদ্ধ হয়েছেন হংকংয়ের তিন ক্রিকেটার ইরফান আহমেদ, নাদিম আহমেদ ও হাসিব আমজাদ।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই তিনজনকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানায়।
তিনজনের বিরুদ্ধেই ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বের (যেটা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারিতে) ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুই ভাই ইরফান ও নাদিমকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের জন্যও অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আরো একটি ম্যাচের জন্য অভিযুক্ত হয়েছেন ইরফান।
ইরফানের বিরুদ্ধে ৯টি, নাদিম এবং আমজাদের বিরুদ্ধে ৫টি করে মোট ১৯টি অভিযোগ আনা হয়েছে।
২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি ছিল স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে। হংকং স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল ১৭ রানে, আর কানাডাকে হারিয়েছিল ৯ উইকেটে। তিনজনই ওই দুই ম্যাচের জন্য অভিযুক্ত হয়েছেন।
ইরফান ও নাদিম ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ইরফান ২০১৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে কোন ম্যাচের জন্য অভিযুক্ত হয়েছেন, সেটা বিবৃতিতে জানায়নি আইসিসি।
২৮ বছর বয়সি ওপেনার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার ইরফান এর আগেও দুর্নীতি-বিরোধী কোড ভাঙায় আড়াই বছর নিষিদ্ধ হয়েছিলেন।
১৪ দিনের মধ্যে তিনজনকে অভিযোগের জবাব দিতে বলেছে আইসিসি।

