ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও স্মরণে নায়ক জসিম

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন মাস্টার চিত্রনায়ক জসিম। বাংলা চলচ্চিত্রে অ্যাকশনের পথপ্রদর্শক হিসেবে পরিচিত তিনি। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অকাল মৃত্যু হয় তার। আজ সোমবার (৮ অক্টোবর) এই অভিনেতার ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঢাকাই চলচ্চিত্রে নায়ক জসিমের অনেক অবদান রয়েছে। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না জসিম, তারপরও আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সকাল থেকে কোরআন খতম ও বাদ আসর শিল্পী সমিতিতে দোয়া মাহফিলের আয়োজন করেছি। তার আত্মার শান্তি কামনা করছি।’
জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অ্যাকাডেমিক দিক থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন জসিম। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েন জসিম।
১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন জসিম। এরপর দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। খল চরিত্রে অভিনয়ের সমাপ্তি ঘটে ‘সবুজ সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় করে যান। আশির দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেন এই অ্যাকশন হিরু। তবে শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল।
বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায়। ‘রংবাজ’, ‘এক মুঠো ভাত’, ‘কসাই’, ‘কাজের বেটি রহিমা’, ‘গরীবের ওস্তাদ’, ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘গরিবের মাস্তান’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে অবদান রাখেন এই অভিনেতা।