ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবাই ভাবি, আমাদের ছাড়া দল চলবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের মূল ভরসা তারা। কিন্তু সেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ- সবাই কমবেশি চোটে ভুগছেন। ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই সিরিজে এই ‘পঞ্চপাণ্ডব’কে একসঙ্গে পাবে না দল। তবে একাধিক সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতিতেও কোনো সমস্যা হবে বলে মনে করেন না সাকিব আল হাসান।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই কবজির চোটে ছিটকে পড়েন তামিম। কদিন আগেই ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে এসেছেন এই ওপেনার। চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। আঙুলের চোট নিয়ে এশিয়া কাপে সাকিব খেলেন চার ম্যাচ। কিন্তু চোট ভয়াবহ রূপ নেওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিরে আসেন দেশে। আঙুলে পুঁজ জমে মারাত্মক অবস্থা হওয়ায় করাতে হয় অস্ত্রোপচার।
মুশফিক পুরো টুর্নামেন্টেই খেলেছেন পাঁজরের ব্যথা নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠায় চোট পান অধিনায়ক মাশরাফিও। ঊরুর চোট নিয়েও ফিরেছেন তিনি। বিরুদ্ধ কন্ডিশনের কারণে মাহমুদউল্লাহ ভুগেছেন শ্বাসকষ্টে।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া উড়াল দেওয়ার আগে সাকিব জানিয়েছেন, আর কখনোই শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরবে না তার আঙুল। এ বছর ক্রিকেটেও ফেরা হচ্ছে না তার। মাঠের বাইরে থাকাটা সাকিবের কাছে বেশ হতাশারই, ‘আমাদের যে জীবন, প্রতিদিন মাঠে যাওয়া, অনুশীলন করা, কিছু না কিছু করতে থাকা; সেখানে সারাক্ষণ বাসায় বসে থাকাটা তো একটু হতাশারই বটে।’
টুর্নামেন্টের মাঝে তামিম-সাকিবকে হারালেও এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুন দারুণ ব্যাটিং করেছেন। ফাইনালে সেঞ্চুরি করেছেন লিটন দাস। জিম্বাবুয়ের ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও জুনিয়রদের ওপর যথেষ্ট আস্থা সাকিবের, ‘সবাই ভাবি, আমাদের (সিনিয়রদের) ছাড়া দল চলবে না। এই যে একটা সুযোগ আসল (এশিয়া কাপে), তারা (জুনিয়ররা) কিন্তু ঠিকই সামলাতে পেরেছে এবং ভালোভাবেই পেরেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। আমাদের আরো কিছু খেলোয়াড় সামনের কয়েকটা সিরিজে না থাকলেও কোনো সমস্যা হবে না।’