বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে একজন রাজস্থানি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমার সংলাপের জন্য ভাষার দিকে বেশ জোর দিয়েছেন জানভি। পাশাপাশি পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে লুক নিয়েও কাজ করেছেন এ অভিনেত্রী। চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে ৩০ বার লুক পরিবর্তন করেছেন শ্রীদেবী কন্যা।
সম্প্রতি একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে জানভি কাপুর জানান, সিনেমাটির জন্য ডিজাইনার মনীশ মালহোত্রা প্রায় ৩০ বার তার লুক পরিবর্তন করেন। এ অভিনেত্রী বলেন, ‘আমি যখন তার (মনীশ মালহোত্রা) বাড়িতে পোশাকের জন্য যাই তখন খুবই উচ্ছ্বসিত ছিলাম। সব পোশক তৈরি করা এবং সেগুলো তাকের উপর ছিল। মা শুটিংয়ের জন্য তার কাছ থেকে পোশাক তৈরি করে নিত, কিন্তু পেশাগত দিক থেকে এটি ছিল তার কাছ থেকে তৈরি করা আমার প্রথম পোশাক। এটি অন্যরকম একটি মুহূর্ত ছিল। আমার মনে হয় আমরা সেদিন ৩০ বার লুক পরিবর্তন করে দেখেছি।’
২১ বছর বয়সি এ অভিনেত্রী জানান, ধড়ক সিনেমায় তার লুক ঠিক করার জন্য মনীশ খুব নিখুঁতভাবে কাজ করেছেন। জানভি আরো বলেন, ‘জয়পুরের স্থানীয় একজন মেয়ের দৃষ্টিভঙ্গিতে তিনি পোশাক তৈরি করেছেন। সালোয়ার কামিজে অনেক বেশি ঘেরা ছিল যেন সেখানে বেশি ফেব্রিক ব্যবহার করা যায়। এটি খুব নিখুঁত কাজ। আমি সবকিছুই তার হাতে ছেড়ে দিয়েছিলাম কারণ জানতাম এ ব্যাপারে তার চেয়ে অভিজ্ঞ আর কেউ নেই।’
২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান। এতে জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

