বিনোদন ডেস্ক : অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছেন এফ এস নাঈম। এ সময় মুঠোফোনে কিছু একটা করতে করতে নাঈম বলেন, ‘আজ ফিরতে রাত হবে।’ এ কথা শুনেই মেজাজ হারান জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘তোমার কী এত অফিস করতে হয়? আমি যে একটা মানুষ, এত বড় বাসায় একা একা থাকি এটা কোনো ব্যাপার না?’ মমর এসব কথা শুনতে শুনতেই বাসা থেকে বের হয়ে যান নাঈম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে এমনটা দেখা যায়। জানা যায়, ‘ছিলাম আছি থাকবো’ একক নাটকের দৃশ্য এটি। তরুণ পরিচালক তপু খান নির্মিত এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মম-নাঈম।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক তপু খান বলেন, ‘মম আর নাঈম ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের পর অফিসের কাজের জন্য স্ত্রীকে সময় দিতে পারে না নাঈম। বিষয়টা ডিভোর্সের দিকে গড়ায়। মমকে এ কাজে সহযোগিতা করে তার বান্ধবী মিতু। এক পর্যায়ে ব্যারিস্টারের কাছে যায় পরামর্শ করতে কিন্তু সেখানে গিয়ে আরেক বিপাকে পড়েন মম। এভাবেই এগিয়েছে নাটকটির গল্প।’
মেজবাহ উদ্দীন সুমন রচিত এ নাটকে আরো অভিনয় করেছেন আশরাফুল আশীষ, সাদিয়া রুবায়েত প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

