বিনোদন প্রতিবেদক : ‘ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অমৃতা খান। তাকে তুলে নিয়ে যান অমিত হাসানের সাঙ্গপাঙ্গরা। এরপর অমিত হাসানের উপস্থিতিতেই অমৃতাকে নির্যাতন করা হয়।’ এভাবেই কথাগুলো বলেন অমৃতা। তবে এসব কথা শুনে ভয় পাওয়ার আগেই অমৃতা জানান, এসবই ‘ও মাই লাভ’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে করছেন তারা।
রাজধানীর তিনশ ফিট এলাকায় আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। এতে অমিত হাসান, অমৃতাসহ অনেকে অংশ নিয়েছেন। এক্সেল মুভিজের ব্যানারে নির্মিত ‘ও মাই লাভ’ সিনেমায় অমৃতার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনয়শিল্পী ঋদ্ধি। এছাড়াও অভিনয় করছেন কলকাতার নায়িকা সাবণী।
অমৃতা অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’। যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ সিনেমায় অভিনয় করেন অমৃতা। এই সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করেন তিনি। তারপর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। অমৃতা অভিনীত ‘ময়না পাখির সংসার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

