স্পোর্টস ডেস্ক : নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দ্যুতি ছড়ানো পারফরম্যান্সে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে সিরি’আ লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচের ৭টিতেই জিতেছে তারা।
তবে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ম্যাচের শুরুতে নাপোলির আক্রমণ ফিরে আসে বারপোস্টে লেগে। তবে বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি তারা। ম্যাচের ১০ মিনিটে ডি বক্সের ভেতের ফাঁকায় বল পেয়ে গোল করেন বেলজিয়ামের ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।
এরপর রোনালদোরা আক্রমণ বাড়িয়ে দেন। ডি বক্সের বাইরে থেকে রোনালদোর শট ফিরিয়ে নাপোলিকে গোল হজমের থেকে বাঁচান গোলরক্ষক। তবে ২৬ মিনিটে আর পারেননি। বামপাশ থেকে রোনালদোর ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মারিও মানজুকিচ। ১-১ গোলে সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে ফ্রি কিক পায় জুভেন্টাস। রোনালদোর দূরপাল্লার জোরাল শট ফিরিয়ে ফের গোল হজমের থেকে বাঁচান গোল রক্ষক। তবে মিনিট ব্যবধানে গোলের দেখা পায় জুভেন্টাস। রোনালদোর শট বারপোস্টে লেগে ডি বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে যান মানজুকিচ। ডানপায়ে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান মানজুকিচ।
এরপর ম্যাচের ৭৬ মিনিটে রোনালদোর হেডে ডি বক্সের ভেতরে বল পান লিওনার্দো বোনুচ্চি। টোকা দিয়ে নাপোলির জালে শেষ পেরেকটি ঢুকে দেন বোনুচ্চি। ম্যাচের পুরোটা সময় দারুণ খেললেও ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। ৩ গোলে অবদান রেখে দলকে জিতিয়েছেন সিআর সেভেন। তাইতো হাসি মুখেই মাঠ ছেড়েছেন বিশ্বের অন্যতম সেরা এ ফরোয়ার্ড।

