বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। প্রায় তিন বছর পর বলিউডের দ্য স্কাই ইজ পিংক সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
দ্য স্কাই ইজ পিংক সিনেমায় আরো অভিনয় করছেন-ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়াকে চারটি লুকে দেখা যাবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দ্য স্কাই ইজ পিংক সিনেমাটিতে প্রিয়াঙ্কাকে মোটিভেশনাল স্পিকার ও লেখক আয়শা চৌধুরীর মা অদিতি চৌধুরীর চরিত্রে দেখা যাবে। ১৩ বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস রোগে আক্রান্ত হন আয়শা। তার লেখা বইয়ের নাম ‘মাই লিটল এপিফ্যানিস’।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে প্রিয়াঙ্কাকে ৩০ বছর বয়সের মধ্যে চারটি ভিন্ন লুকে উপস্থাপন করা হবে। যদিও লুকগুলো কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে লুকগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে বেশ গুরুত্ব নিয়ে কাজ করছেন নির্মাতারা। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে।
সিনেমাটি পরিচালনা করছেন সোনালি বোস। এর সংলাপ লিখেছেন অক্টোবর ও পিকু সিনেমাখ্যাত জুহি চতুর্বেদী। এটি যৌথভাবে প্রযোজনা করছেন-সিদ্ধার্থ রয় কাপুর, রনি স্ক্রুওয়ালা ও প্রিয়াঙ্কা চোপড়া।
ব্যক্তিগত জীবনে কয়েকদিন আগে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদান সেরেছেন প্রিয়াঙ্কা। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই গাঁটছড়া বাঁধবেন তারা।

