বিনোদন প্রতিবেদক : প্রায় পনেরো বছর আগে প্রয়াত নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। সে ছবিটির সিক্যুয়াল না হলেও একেবারেই নতুন গল্প নিয়ে চলতি বছর নির্মিত হয়েছে ‘নায়ক’ নামে আরও একটি ছবি।
পরিচালক একই থাকলেও এ ছবিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পী ও নবাগতা অধরা খান।
সম্প্রতি ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তিকে সামনে রেখে এখন চলছে প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘নায়ক’র প্রথম পোস্টার।
সেখানে অ্যাকশান লুকে দেখা গেছে চিত্রনায়ক বাপ্পীকে। সোফায় বসে আছেন সানগ্লাস চোখে। তার কোলে তার দিকে তাকিয়ে নবাগতা অধরার চোখে রোমান্সের ছায়া। শনিবার ছবির নায়ক ও নায়িকা তাদের ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন। সেখানে বেশ প্রশংসিত হচ্ছে ছবিটি তাদের ফ্যান-ফলোয়ারদের কাছে।
এদিকে জানা গেল, আসছে ১২ অক্টোবর মুক্তি পাবে ‘নায়ক’। ছবির পরিচালক ইস্পাহানী আরিফ জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসছে ১২ অক্টোবরেই সারাদেশে মুক্তি দিতে যাচ্ছি ‘নায়ক’ ছবিটি। একটি চমৎকার গল্পে নির্মিত এই ছবিতে আমরা একটি নতুন জুটিকে হাজির করেছি। তারা খুবই ভালো অভিনয় করেছে। আশা করছি বাপ্পী-অধরার কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের। পাশাপাশি এই ছবিতে বাপ্পীর অভিনয় আলাদা করে নজর কাড়বে সবার।’
যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই ছবিতে বাপ্পী-অধরা ছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, পাপিয়া প্রমুখ।

