রাবি সংবাদদাতা : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ।
কয়েক দফা তারিখ পরিবর্তিত হয়ে অবশেষে সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বর, ২০১৭ সালের জানুয়ারি এবং ২০১৮ সালের মার্চ মাসে সমাবর্তনের তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন করা হয়।
৬৬ বছরে পদার্পিত এ বিশ্ববিদ্যালয় দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে রাবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণআন্দোলন, ’৭০-এর সাধারণ নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর গণআন্দোলনে রাবির শিক্ষক ও ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।
গ্রাজুয়েটদের সনদ দেওয়ার পাশাপাশি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও লেখক সেলিনা হোসেনকে সম্মাননাসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে অংশ নিতে ৬ হাজার ৯ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেন।
সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতির বিদায়ের পর বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। এ ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো- আজ দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল হলসমূহ তালা দেওয়া থাকবে। এসময়ে হলে অবস্থানরত কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে পারবে না এবং বাইরে থাকা কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং বিনোদপুর গেট খোলা থাকবে। কাজলা গেট, চারুকলা গেট স্টেশন গেট বধ্যভূমি গেট বন্ধ থাকবে, তবে সকল গেট দিয়ে সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে রিকশা, অটো রিকশা, মটর সাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
বিকালে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাজুয়েটরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তবে প্রবেশের ক্ষেত্রে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আইডি কার্ড বহন করতে হবে। এছাড়াও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশাধিকার শিথিল থাকায় ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে রাখার জন্য বলা হয়েছে।
এদিকে নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেল থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে স্থায়ী ও ভ্রাম্যমান খাবার দোকানসহ সকল প্রকার দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন।

