বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে নতুন নতুন অনেক শিল্পী আসছেন। আবার অনেকে স্রোতের সঙ্গে হারিয়েও যাচ্ছেন। এমন তালিকা নেহায়াত-ই ছোট নয়। তারকা শিল্পীর সঙ্গে অভিনয় করে অনেকেই খুব সহজে তারকা খ্যাতি পেয়েছেন। এই তালিকায় এবার নাম লেখালেন নবাগত সুস্মিতা মৃদুলা। তার প্রথম সিনেমায় দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন। এ যেন একাদশে বৃহস্পতি।
গত ২৫ সেপ্টেম্বর থেকে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বিএফডিসির ৩ নং ফ্লোরে শুটিং করছেন মৃদুলা। বড় বাজেটের ‘কালপ্রিট’ সিনেমাটি পরিচালনা করছেন শাহিন সুমন। এই সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।
বড় পর্দায় প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মৃদুলা বলেন, ‘এর আগে আমি বিজ্ঞাপনে কাজ করেছি। কিন্তু বড় পর্দায় কাজ করা হয়নি। এছাড়া বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করতে প্রথমে অপ্রস্তুত লেগেছে, নার্ভাস ফিল করেছি। শাকিব ভাই ও পরিচালক শাহিন ভাই আমাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করছেন।’
এ প্রসঙ্গে মৃদুলা বলেন, ‘বড় পর্দা আমার দুর্বলতার জায়গা। যে কারণেই মনে প্রাণে ইচ্ছে ছিল চলচ্চিত্রে কাজ করার। আর জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সঙ্গে কাজ করাটা ভাগ্যের ব্যাপার বলে মনে করছি। সিনেমাটির প্রযোজক ও পরিচালকের কাছে এ জন্য আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা কাজ সবাইকে উপহার দিতে পারি।’
এর আগে মৃদুলা আর এফ এল হুলস্থুল অফারের টিভি বিজ্ঞাপন, কোকাকোলা চাটনির টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন কালার মাইন্ড প্রোডাকশনের সিম্ফনি মুঠোফোনের বিজ্ঞাপন। এছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ড, শতরুপা শাড়ি, শতরুপা জুয়েলার্স, শতরুপা ডায়মন্ড এবং ঢাকাইয়া শাড়ির বিলবোর্ডের মডেল হিসেবে কাজ করেন তিনি। তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। যা খুব শিগগির দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা যায়।

