বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের নিয়ে ভক্তরা প্রায়ই নানা রকম পাগলামি করে থাকেন। কখনো তা সিনেমার গল্পকেও হার মানায়। এবার অভিনেতা টাইগার শ্রফের জন্য এমনই পাগলামি করেছে দুজন ভক্ত।
ভারতের নয়া দিল্লির দুজন স্কুল পড়ুয়া ছাত্র শেলটার হোম থেকে পালিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেনে ওঠে। তাদের কাছে কোনো খাবার ও অর্থ ছিল না। তাদের কাছে স্কুল ব্যাগ দেখে ট্রেনের যাত্রীদের সন্দেহ হয়। তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে তাদের উদ্ধার করে।
পরবর্তীতে এই দুই বালক ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা জুনিয়র শ্রফের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। এ জন্যই শেলটার হোম থেকে পালিয়েছি। যদিও আমাদের কাছে কোনো অর্থ ও খাবার ছিল না তারপরও আমরা ভেবেছিলাম মুম্বাইয়ে গিয়ে এই তারকার অটোগ্রাফ নিতে পারব।’
উদ্ধারের পর এই দুই বালককে একটি শিশু সংস্থার হেফাজতে রাখা হয়। সংস্থাটির কো-অর্ডিনেটর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই দুই বালক আলিপুরের একটি শেলটার হোমে থাকেন। শেলটার হোমের কর্তৃপক্ষ স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন। রেলওয়ে পুলিশের মাধ্যমে আমরা দিল্লিতে এই দুই বালকের খোঁজ জানিয়েছি। আমরা তাদের সাহস দেখে অবাক হয়েছি। শুধু প্রিয় তারকার অটোগ্রাফ পেতে তারা খালি পেটে কোনো অর্থ ছাড়াই ঘর ছেড়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি থেকে আশ্রমের কর্তৃপক্ষ এই দুই বালককে নিতে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তবে এ ধরনের ঘটনা নতুন নয়। গত বছর বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে দেখা করতে নাসিক থেকে মুম্বাইয়ে আসে ছয় কিশোরী। একই রকম ঘটনা ঘটে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে। এ অভিনেতার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়েছিল এক কিশোরী।
শুধু তাই নয়, চলতি বছর সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দেয়াল টপকে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে ১৫ বছর বয়সি এক কিশোরী। পরে জানা যায়, তার বাড়ি ভোপালে। প্রিয় তারকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়েছে মেয়েটি। বাড়ির ঠিকানা আগে থেকেই জানা থাকায় সরাসরি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে চলে আসে মেয়েটি।

