স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের চতুর্থদশতম স্থানে থাকা দল স্ট্যাডে ডি রেইমস, বুধবার রাতে মুখোমুখি হয় শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। তাও আবার পিএসজির ঘরের মাঠে। কাভানি-নেইমার-এমবাপেদের তোড়ে উড়ে যাবে তারা সেটা ছিল অনুমেয়।
কিন্তু কিছুটা ব্যাত্যয় সেখানে ঘটেছে। ম্যাচের প্রথম মিনিট শেষ হতে না হতেই গোল করে স্বাগতিক দর্শকদের স্তম্ভিত করে দেয় রেইমস। তবে ম্যাচে সমতা ফেরাতে সময় নেয়নি কাভানি-নেইমাররা। ম্যাচের ৫ মিনিটের মাথায় কাভানি অসাধারণ এক গোল করে সমতা ফেরান। এ সময় ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান কাভানি।
২৫ মিনিটে পেনাল্টি পায় ফরাসি জায়ান্টরা। এ সময় নেইমার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন পিএসজিকে। ৪৪ মিনিটে কাভানি তার জোড়া গোল পূর্ণ করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান ৪-১ করেন পিএসজির থমাস মুনিয়ের। এ সময় ডানপ্রান্ত থেকে মুসা দিয়াবাইর বাড়িয়ে দেওয়া বল আলতো টোকায় জালে পাঠান মুনিয়ের। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ের ফলে ৭ ম্যাচের ৭টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লায়ন ৭ ম্যাচের ৪টিতে জিতেছে। বুধবার রাতে লায়ন ৩-০ গোলে হারিয়েছে দিজন এফসিওকে।

