বিনোদন ডেস্ক : কবিতার সঙ্গে তার স্বামী প্রায়ই খারাপ ব্যবহার করে। মাঝে মধ্যে কবিতা প্রতিবাদ করার চেষ্টা করে। কিন্তু চার দেয়াল ভেদ করে তার প্রতিবাদ বাইরে পৌঁছায় না। একদিন কাপড় নাড়তে গিয়ে চিলেকোঠায় এক কবির সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের পরিচয় আলাপচারিতায় রূপ নেয়। এতে কবিতার উপর বেড়ে যায় স্বামীর নিপীড়ন। সব সময়ই কবিতার উপর বিরূপ ভাবনা পোষণ করে তার স্বামী রবি।
হঠাৎ একদিন অজানা মাধ্যমে কবিতার কাছে একটি চিরকুট আসে। সেখানে একটি সজারুর কাঁটাও থাকে। কবিতাকে ভালোবাসার ব্যাখ্যা দেয় কবি। তাকে বেঁচে থাকার বিষয়ে জ্ঞান দেয়। এমন সময় গোসল করতে থাকা রবির শার্টে লিপস্টিকের দাগ দেখে সন্দেহ গাঢ় হয় কবিতার। এ বিষয় নিয়েও কবিতার উপর বাড়তে থাকে নিপীড়ন। একদিন কবিতার চুল মুঠি করে ধরতেই সজারুর কাঁটাটা রবির বুকে ঢুকিয়ে দেয় কবিতা। এতে রবি মারা যায়। তারপর গল্পে নতুন মোড় আসে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘কবি, কবিতা ও সজারু’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে কবি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। কবিতার চরিত্রটি রূপায়ন করেছেন নাবিলা ইসলাম। এছাড়াও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সায়লা ইসলাম প্রমুখ। আগামীকাল রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

