নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় দূর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ৩৬ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। সরকার গ্রাহকদের কল্যাণে মাঠ পর্যায়ে হয়রানি ও দুর্নীতি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গঠিত দুর্নীতি বিরোধী টাস্কফোর্স এর সিদ্ধান্তের প্রেক্ষিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে অাজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামের পটিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতির Grey Area এর কারণসমূহ চিহ্নিতকরণ ও প্রতিকার ইত্যাদি নির্ধারণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) এবং টাস্ক ফোর্সের আহ্বায়ক জনাব মো. ইয়াকুব আলী পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সংযোগ প্রত্যাশী গ্রাহকগণ ও জনপ্রতিনিধিদের কাছ থেকে নানা অভিযোগ শোনেন এবং বাপবিবোর্ড কর্তৃক বিতরণকৃত অভিযোগ ফরমে গ্রাহকদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে তাৎক্ষনিকভাবে বেশ কিছু অভিযোগ তিনি নিষ্পত্তি করেন এবং বাকি অভিযোগগুলো সমাধানে চট্টগ্রাম পবিস-১ এর জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সরকার গ্রাহকদের কল্যাণে সরকারী খরচে বিদ্যুৎ সংযোগ দিলেও মাঠ পর্যায়ে দালালদের দৌরাত্ম বন্ধে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। নতুন সংযোগে দুর্নীতি বন্ধে তিনি সংশ্লিষ্ট গ্রাহককে সরাসরি অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সরকার কোটি কোটি টাকা গ্রাহকদের কল্যাণে খরচ করলেও দুর্নীতির কারণে বাপবিবোর্ডের অর্জিত সাফল্য অনেক ক্ষেত্রেই ম্লান হওয়ার উপক্রম হয়েছে। এ জন্য সামাজিক সচেতনতার উপর তিনি জোর দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন মিয়া, নির্বাহী পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী, বাপবিবোর্ডের পরিচালক জনাব ঢালী ইউসুফ আহমেদ, জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব মোঃ মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবু বকর সিদ্দীকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাসেলুল কাদের। এছাড়াও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোজাফ্ফর আহমেদ টিপু, পটিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ হারুন-অর-রশিদ, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জসীম উদ্দিন খানসহ দুর্নীতি/হয়রানির শিকার এবং অভিযোগ রয়েছে এমন গ্রাহক/বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীগণ, এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

