নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের হেল্পলাইন (১৬২৫৬) চালু করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মিলনায়তনে লোকাল গভর্নমেন্ট হেল্পলাইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান।
ড. জাফর আহমেদ খান বলেন, এনআইএলজি কর্তৃক স্থানীয় সরকার হেল্পলাইন চালুকরণ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়তে এনআইএলজিকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি অনেকাংশে নির্ভর করে সে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার ওপর। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা প্রদান মূলত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে সম্পাদিত হয়। জনগণের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের লিংক স্থাপন করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে অবাধে ও সহজে তথ্য সরবরাহ করতে বিশ্বব্যাংক এবং ওয়াটার এইডের সহায়তায় এনআইএলজি লোকাল গভর্নমেন্ট হেল্পলাইন চালু করার ফলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হবে।
স্থানীয় সরকার সচিব বলেন, এই হেল্পলাইন এনআইএলজি, এলজিইডি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও সেবাগ্রহীতা তথা সাধারণ জনসাধারনের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে। এটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ তথা দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এনআইএলজির মহাপরিচালক তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াটার এইডের বাংলাদেশের আবাসিক পরিচালক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

