নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধান করা গেলে তারা সমাজের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।’
শুক্রবার তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে ‘প্রতিবন্ধীদের ঝুঁকি ও ঝুঁকি নিরসনের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘এই সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। তিনি মায়ের মমতায় প্রতিবন্ধীদের বিশেষ করে নারী-বালিকা প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আমাদের দায়িত্ব হবে এই কাজে সবাই মিলে একত্রে এগিয়ে যাওয়া।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্যই সরকার জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনকে অধিদপ্তরে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছে। খুব শিগগিরই তার বাস্তবায়ন হবে।’
মেনন বলেন, ‘উন্নয়নের গতিধারাকে বেগবান করতে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।’
কর্মশালা শেষে মন্ত্রী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত উক্ত ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল কবিরের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন নিউরো ডেভলেপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের ডা. অধ্যাপক গোলাম রব্বানী। কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিজএবিলিটি ইন্টারন্যাশনারের কান্ট্রি ডিরেক্টর প্রমুখ বক্তব্য রাখেন।

