নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরে শিক্ষকরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের চতুর্থ দিনের অনশন চলছে। অনশনে এ পর্যন্ত ৪৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে বলে শিক্ষকরা জানান।
শিক্ষকরা অভিযোগ করেন, কনকনে শীতের মধ্যে তারা রাস্তায় বসে অনশন চালিয়ে গেলেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। দাবি বাস্তবায়নে শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন বলেন, ‘২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন, শর্ত পূরণ করার পরও ৪ হাজার ১৫৯টি প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। আমরা দুই দিন অবস্থান কর্মসূচি করার পরে চার দিন ধরে প্রেসক্লাবের সামনে অনশন করছি, কিন্তু সরকারের দিক থেকে কোনো রকম সাড়া পাইনি।
২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু ৪ হাজার ১৬৯টি প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। তখন বলা হয়, নির্দিষ্ট শর্ত পূরণ না করতে পারায় জাতীয়করণ করা হয়নি।
তৃতীয় ধাপে বাদ পড়া সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ২৩ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি পালন করছে।

