নিজস্ব প্রতিবেদক : উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির পরিবহন সুবিধগুলোর বিষয়ে নীতিমালা পাস হয়েছে। এই রাইড শেয়ারিং নীতিমালা এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে।
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএর মোবাইল কোর্ট পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, এর ফলে সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহারের প্রবণতা বাড়বে।
অ্যাপভিত্তিক পরিবহন সুবিধাকে ইতিবাচক বলে আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, অ্যাপভিত্তিক পরিবহনের ফলে অতিরিক্ত ভাড়া নেওয়া ও মিটার ছাড়া যাত্রী হয়রানি করা স্বাভাবিকভাবে কমে আসবে।
মন্ত্রী আরো বলেন, রাইড শেয়ারিং নীতিমালা কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে ৩১ জানুয়ারি বৈঠক হবে। বৈঠকের পর এক মাসের মধ্যে নীতিমালা বাস্তবায়ন হবে। তখন নীতিমালা বাস্তবে প্রয়োগ করতে পারবো।
সিএনজি অটোরিকশার ইকোনমিক মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ বিষয়ে বুয়েট আগামী মাসে মতামত জানাবে। এরপর স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হবে। এ সময় সেতুমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে। ভিসিকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা হয়েছিলে। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে উদ্ধার করেছে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক করবে। ভারতসহ অন্য গণতান্ত্রিক দেশে যেমনটা হয়। এ সরকারের নির্বাচন সংক্রান্ত কোনো ক্ষমতাই থাকবে না। কোনো মেজর পলিসি বা সিদ্ধান্ত দিতে পারবে না।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি দেশের আগামী দিনের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়া প্রসঙ্গ তুললে কাদের বলেন, বিএনপি কী সহায়ক সরকার চায়, নিরপেক্ষ সরকার চায়, না তত্ত্বাবধায়ক সরকার-এখনও ঠিক করতে পারেনি। আর তাদের রূপরেখা শুনছি এক বছরে ধরে। তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তাদের নেতারা একেকজন একেক কথা বলছেন।

