আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সমুদ্র উপকূলবর্তী একটি অবকাশযাপন কেন্দ্র এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কমিউনিটি পুলিশ সদস্যদের গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আকাপুলকো শহরের দক্ষিণে লা কনসেপসিয়ন এলাকার কৃষকদের সঙ্গে রোববার সকালে কমিউনিটি স্বনিয়োগকৃত পুলিশ সদস্যদের সংঘর্ষ বাধে। সকালে ওই গ্রামের একটি উৎসব চলাকালে এক তরুণের অশোভন আচরণকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে স্থানীয় আট বাসিন্দা গুলিতে নিহত হয়।
রাজ্য নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভারেজ জানিয়েছেন, খবর পেয়ে সেনাবাহিনী ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে যায়। তাদেরকে প্রতিরোধ করতে গেলে গুলিতে নিহত হয় তিন কমিউনিটি পুলিশ সদস্য। পরে কমিউনিটি পুলিশের ৩০ সদস্যকে আটক করা হয়।
প্রসঙ্গত, মেক্সিকোর দক্ষিণের রাজ্য গুয়েরিরো রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো। এটি মেক্সিকোর আফিম উৎপাদনের কেন্দ্র এব্ং দুর্বল আইনশৃঙ্খলার শহর।

