ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৩৫০টি নতুন কোচ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলে এই বছরের প্রথম ছয় মাসেই যুক্ত হচ্ছে ৩৫০টি আধুনিক নতুন কোচ। এর পাশাপাশি যুক্ত হবে আরো ২০টি নতুন রেল ইঞ্জিন। দুটি বিশেষ প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে এসব কোচ ও ইঞ্জিন রেলওয়েতে যুক্ত হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল হাই বলেন, ‘রেলওয়ের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে উন্নত সেবা দিয়ে রেলের যাত্রী পরিবহনে সক্ষমতা বৃদ্ধি করতে রেলে চলতি বছরেই দুটি প্রকল্পের মাধ্যমে ৩৫০টি নতুন কোচ আমদানি করা হচ্ছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে কোরিয়া থেকে মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ আমদানির একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। এ প্রকল্পে ১,৭৯১ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পের মাধ্যমে কেনা হবে ২০টি আধুনিক নতুন রেল ইঞ্জিন ও ১৫০টি কোচ। বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ লাইন যেহেতু শুধু পূর্বাঞ্চলেই বিদ্যমান, তাই এ প্রকল্পের মাধ্যমে আমদানিকৃত ইঞ্জিন ও কোচ পূর্বাঞ্চলের রেলরুটে চলবে।’
তিনি জানান, এর আগে অনুমোদিত অপর একটি প্রকল্পের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আরো ২০০টি মিটারগেজ কোচ আমদানি করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান পিটি ইনকা এ কোচগুলো বাংলাদেশ রেলওয়েকে সরবরাহ করবে। ইন্দোনেশিয়া থেকে যে ২০০ কোচ আসবে সেগুলোও চলবে পূর্বাঞ্চলে। চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যে এসব নতুন কোচ ও ইঞ্জিন রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হবে।
চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়েতে ১ হাজার ১৬৫টি যাত্রীবাহী মিটারগেজ ক্যারেজ রয়েছে। এর মধ্যে ৪৫৬টি যাত্রীবাহী কোচের বয়স ৩৫ বছর অতিক্রম করেছে, ১৩৫টির মেয়াদ ৩১ থেকে ৩৪ বছর। যাত্রী চাহিদার কারণে মেরামতের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ যাত্রীবাহী কোচগুলো ব্যবহার করা হলেও তা আধুনিক সুবিধাসম্পন্ন আরামদায়ক ও নিরাপদ নয়। নতুন প্রকল্পের মাধ্যমে যেসব কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে সেগুলোর মাধ্যমে যাত্রী পরিবহনে নিরাপত্তা বাড়বে ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত হবে।