নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে একটি মাঝারি অথবা তীব্র ও ২ থেকে ৩ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র শীতে বিপন্ন উত্তরাঞ্চলের দরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবন।
এদিকে আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক শূন্য। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি এবং বন্দরনগরী চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনার উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন। এর ফলে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ।
আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা আরো বাড়বে যা আগামী ৩-৪ দিন অব্যাহত থাকবে। তবে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা ও কনকনে শীতে দিনমজুর ও সাধারণ মানুষেরা ঘর থেকে বেরোতে পারছে না।

