নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবির (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনারকে মামলাটি তদন্ত করে আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহারে এ বি সিদ্দিকী অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ডেমোক্রেটিক কাউন্সিল(বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতার স্থপতি জাতির পিতা ও তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেহানার মেয়ে বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মানহানিকর কথা বলেন। মাহমুদুর রহমানের বক্তব্যের কারণে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত করা হয়েছে এবং দেশ ও জাতির মানসম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এর আগে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে নেত্রকোনায় একটি, রাজবাড়ীতে তিনটি এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

