ঢাকাSaturday , 16 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাল সবুজে সেজেছে ঢাকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দিনে মুক্তিকামী জনতার কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী। দুই পক্ষ বসে ইতিহাসের এই দিনেই বাঙালির বিজয়ের দলিলে সই করে। এ উপলক্ষে উৎসবের আলোয় সেজেছে ঢাকাসহ পুরো দেশ। নগরীর সব সরকারি স্থাপনা এখন ঝলমলে। এই চাকচিক্য চোখে পড়ার মতো। পথে পথে উড়ছে সারি সারি বিজয় কেতন।
রাজধানীর বিভিন্ন স্থানের মধ্যে আলোর সুপ্ত ধারায় মেতেছে সচিবালয়। প্রতিটি মন্ত্রণালয়ের দেয়ালে এখন লাল সবুজের ছাপ। শুধু লাল আর সবুজই নয়, উৎসবের আলোয় যোগ হয়েছে সাদা, নীল ও হলুদ রঙ।
পুরানা পল্টন থেকে সচিবালয় হয়ে এগোতে থাকলে দেখা যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেজেছে লাল-সবুজে। এর কিছুদূর গেলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানকার আলোতে রঙের ছড়াছড়ি। তারপর একে একে গৃহায়ণ অধিদফতর, মৎস্য ভবন ও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সবই সেজেছে নানান রঙে।
আদালতের সামনে ফটকের পাশেই দাঁড়িয়ে লাইটিং দেখছিলেন একজন। তার নাম মিজান। তিনি বললেন, ‘প্রতিদিন আদালতের সামনে দিয়ে যাই, আজ অন্যরকম লাগছে। তাই দাঁড়িয়ে ছবি তুলছি। কয়েকটা সেলফিও তুললাম। বাসায় গিয়ে বাচ্চাকে দেখাবো।’
রঙের সাজে বাদ পড়েনি ব্যাংকপাড়া মতিঝিল। দূর থেকেই নজর কাড়ে শাপলা চত্বর আর বাংলাদেশ ব্যাংক। লাইটিংয়ের পাশাপাশি রাস্তায় উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। ভিআইপি সড়কগুলোতে সারিবদ্ধভাবে উড়ছে বাংলাদেশের বিজয় কেতন। একইরকম চিত্র কাওরান বাজার ও খামারবাড়ি এলাকার সরকারি অফিসগুলোতে।
আলোর সাজে সেজেছে জাতীয় সংসদ ভবনও। মূল ভবন আর আশেপাশের সব ভবনেই জ্বলছে লাল-সবুজ আলো। এখানকার সবকিছুই রাঙানো হয়েছে বাংলাদেশের পতাকার রঙে। এই দৃশ্য দেখতে মানুষের ভিড় দেখা গেলো। তাদের মধ্যে সপরিবারে আসা রাশেদ চৌধুরীর কথায়, ‘মূলত বাচ্চাকে লাইটিং দেখাতে বের হয়েছি। ভিআইপি এলাকায় যাওয়ার পথে সংসদ পড়লো, তাই বাচ্চাকে নিয়ে নামলাম। কয়েকটা ছবিও তুললাম।’
বিজয় দিবসকে ঘিরে উচ্ছ্বসিত নগরবাসীও। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে অনেকেই এসেছেন শহরের সাজ দেখতে জাতীয় সংসদ প্রাঙ্গণে। বিজয় আনন্দে শামিল হতে কেউ কেউ পতাকা হাতেও এসেছেন।