নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলাকে’ জাতীয় স্লোগান করা নিয়ে রুল শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে ‘জয় বাংলা’ নিয়ে রাষ্ট্রীয় পলিসি বা রাষ্ট্রের কোনো বক্তব্য থাকলে তা জানাতে বলেছেন আদালত।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে গত ৪ ডিসেম্বর ‘জয় বাংলাকে’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু আজ রাষ্ট্রপক্ষ থেকে রুলের জবাব দিতে সময় আবেদন করা হয়।
আদালতে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক ড. বশির আহমেদ। আদালত বলেন, ‘জয় বাংলা’ স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে আইনজীবী ড. বশির আহমেদ নিজেই রিট দায়ের করেন।

