ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসডিজি বাস্তবায়নে কাউকে পিছিয়ে রাখা যাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে বৈষম্যের শিকার সবাইকে উন্নয়নের অংশীদার করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সিপিডি আয়োজিত ‘নাগরিক সম্মেলন ২০১৭ : বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন বক্তার বক্তব্যে এসব কথা উঠে আসে।
অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, ‘এসডিজি অর্জনে নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। তবে সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয় রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কাউকে পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না। এসডিজি বাস্তবায়ন করতে হলে বৈষম্যের শিকার সবাইকে উন্নয়নের অংশীদার করতে হবে। বৈষম্য দূর করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব। এর জন্য আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি।’
তিনি বলেন, ‘বৈষম্য দূর করতে আমাদের কণ্ঠকে শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে সরকারের পাশাপাশি বেসরকারি ও সাধারণ নাগরিকদের কাজকে আরো দৃশ্যমান করতে হবে। মূলত পিছিয়ে পড়া মানুষকে নিয়ে উন্নয়ন করাটা আমাদের মূল লক্ষ্য।’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমান সমাজে অর্থের বৈষম্য তৈরি হয়েছে। সেই সঙ্গে সম্পদেরও বৈষম্য সৃষ্টি হয়েছে। এটা একটি দেশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এগুলো দূর করতে হলে আমাদের চিন্তার ও ধারণার পরিবর্তন আনতে হবে।’
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বিভিন্ন খাতে মানুষ এত উন্নতি করার পরও অনেক মানুষ এখনো বৈষম্যের শিকার। পৃথিবীর বেশির ভাগ সম্পদ কিছু মানুষের হাতে। তাই বলা যাবে না মানুষের সামগ্রিক উন্নতি হয়েছে।’
সস্মেলনে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা সুলতানা কামাল প্রমুখ।