নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্বখাতে (জেলা ও উপজেলা কার্যালয়ের জন্য) ১ হাজার ১১২টি পদ সৃজনের প্রস্তাব মঙ্গলবার উঠেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১৮তম সভায়। এ প্রস্তাব অনুমোদন পেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বব্যাপী প্রয়োগ ও ব্যবহারে কারিগরি সহায়তা নিশ্চিতকরণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর’ গঠন করা হয়। বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে এ বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যক্রম মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে এ পদ সৃষ্টির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপাস্থাপনের জন্য পাঠানো হয়েছে। গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় উপস্থাপনের জন্য এ প্রস্তাব পাঠান।
সূত্র জানায়, ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে নিতে জেলা কার্যালয়ে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে ৬৪ জন, অফিস সহায়ক পদে ৬৪ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জনের ( বিভাগীয় সদর জেলায়) পদ সৃষ্টি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অপরদিকে, উপজেলা কার্যালয়ে ডাটা এন্ট্রি/কন্টোল অপারেটর ৪৮৮ জন, অফিস সহায়ক ৪৮৮ জনসহ ১ হাজার ১১২ জনের পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে, জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয়ের ১ হাজার ১১২টি পদ পদসমূহ অন্তর্ভুক্তকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রনালয়ের (অর্থ বিভাগ) মতামত জানতে চাইলে এ দুই মন্ত্রণালয় গত ১৬ আগস্ট জানায়, পদ সৃজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের প্রয়োজন। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী সার-সংক্ষেপটি দেখে বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপাস্থাপনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়ায় প্রস্তাবটি পাঠানো হয়েছে।
এছাড়াও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের জামে মসজিদের ইমাম পদ দশম গ্রেডে উন্নতীকরণের জন্য ‘গণপূর্ত অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০০৮ সংশোধনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় উঠছে।
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুনভাবে একটি এভিয়েশন পরিদপ্তর গঠন এবং বিদ্যমান আর্মি এভিয়েশন ও আর্মি এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পুনর্গঠন করে আর্মি এভিয়েশন গ্রুপ ও আর্মি এভিয়েশন মেইনটেন্যান্স ওয়ার্কশপ গঠনের জন্য ৭২৯টি পদ সৃজনের প্রস্তাবও উপাস্থপন করা হয়।

