আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার খবর নাকচ করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানায়, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিও-কে বসানো হতে পারে। ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই এ রদবদল হতে পারে।মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টিলারসনের কয়েকবার মতবিরোধ হয়েছে।টিলারসন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টকে ‘নির্বোধ’বলেও আখ্যা দিয়েছেন বলে খবর এসেছে। ট্রাম্পের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই টিলারসনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট এইমাত্র বলেছেন রেক্স তার পদেই আছেন।এই মুহূর্তে কোনো ব্যক্তিগত ঘোষণা নয়।’
সারাহ বলেন,‘পররাষ্ট্রমন্ত্রী টিলারসন পররাষ্ট্র মন্ত্রণালয়কে নেতৃত্ব দেওয়া অব্যাহত রেখেছেন এবং পুরো মন্ত্রিসভা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের এক বছর সফলভাবে শেষ করার দিকে মনোনিবেশ করেছে।’
হোয়াইট হাউজের এই মুখপাত্র অবশ্য পরে বলেছেন. ‘প্রেসিডেন্ট কারো ওপর আস্থা হারালে তারা আর এখানে কাজ করার সুযোগ পাবেন না।’

