নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় অবস্থানরত ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বৃহস্পতিবার বিকেল ৪ টা ৫ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসকসহ অন্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন পোপ। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে নাগেশ্বর চাঁপা গাছের চারা রোপন করেন তিনি। তিন দিনের সফরে বৃহস্পতিবার মিয়ানমার থেকে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস।

