নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁস বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বৃস্পতিবার সচিবালয়ে মাধ্যমিকের পাঠ্যক্রম উন্নতকরণ নিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, খুন একটা অপরাধ। খুনের সাজা ফাঁসি। ফাঁসি তো অনেক হচ্ছে। কিন্তু খুন তো থেমে থাকেনি। সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও প্রশ্নফাঁস বন্ধে হচ্ছে না। তবে আমরা প্রশ্নফাঁস বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রশ্নফাঁস নতুন কোনো বিষয় না, কিন্তু এর প্রচারটা নতুন। প্রশ্ন আগেও ফাঁস হতো। কিন্তু ওই সময় তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এ কারণে প্রচার কম হয়েছে। কিন্তু এখন প্রচার বেশি হচ্ছে।
তিনি আরো বলেন, আগে বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস হতো। এখন আমাদের কিছু অসাধু শিক্ষক প্রশ্ন ফাঁস করছে। এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি
বইয়ের বোঝা কমানোর পরামর্শ
মাধ্যমিকে পাঠ্যবইয়ের বোঝা কমানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদরা।
সভায় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমাতে হবে। চাপ কমাতে পাঠ্যবই কমাতে হবে।
মুহম্মদ জাফর ইকবাল আরো বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বার বার পরামর্শ দিয়েছি পাবলিক পরীক্ষা কমানোর জন্য।
পাঠ্যবইকে সুখপাঠ্য করার পরামর্শ
মাধ্যমিকের পাঠ্যবই উন্নত, প্রাঞ্জল ও সুখপাঠ্য করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইয়ীদ বলেন, যুক্তরাষ্ট্রের পাঠ্যবই অনেক সুন্দর, সুখপাঠ্য, উপন্যাসের মতো। শিক্ষার্থীরা আনন্দ নিয়ে বই পড়ে। আমি চাই, আমাদের বইগুলো সেরকম হোক।
সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. কায়কোবাদ, অধ্যাপক ড. এম এম আকাশ প্রমুখ।

