আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ পাল্লা ও সর্বোচ্চ উচ্চতায় উত্তর কোরিয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, উত্তর কোরিয়ায় তেল সরবরাহ বন্ধ করতে চীনা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিকি হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘর্ষ চায় না। কিন্তু যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।
সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া তাদের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বুধবার সকালে দেশটি সবচেয়ে বেশি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরপর দেশটির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা ও ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তর কোরিয়া দাবি করেছে, বুধবার তাদের উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আকাশে ৪ হাজার ৪৪৭ কিলোমিটার উঁচুতে উঠেছিল, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উচ্চতার চেয়ে ১০ গুণ বেশি। ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশযোগ্য ওয়ারহেড বহনে সক্ষম।
তবে উত্তর কোরিয়ার এই দাবি এখনো নিরপেক্ষভাবে প্রমাণ করা যায়নি এবং বিশেষজ্ঞরা দেশটির এমন প্রযুক্তি আয়ত্ত করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।

