নিজস্ব প্রতিবেদক : আইন অনুসরণ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ না দেওয়ার রিটে আইনজীবী-শিক্ষাবিদ তিনজনকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নিয়োগ পাওয়া তিন অ্যামিকাস কিউরি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং আইনজীবী ব্যারিস্টার কামাল উল আলম। আদালতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে করা রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, সরকার ২০০০ সালের রুলস অনুসারে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের আত্মীকরণ করছেন। এ বিষয়ে একটি পক্ষ রিট করেছেন। এ রিটের শুনানিতে আদালত তিনজনকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন। আদালতের আদেশ অ্যামিকাস কিউরিদের পৌঁছে দিতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০০০ সালে তৈরি করা আত্তীকরণ বিধিমালা অনুসরণ করে জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকরণ করে আসছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করছেন ক্যাডারভুক্ত শিক্ষকরা।

