আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় কৃষ্ণ নদীতে পবিত্র সঙ্গম ঘাটের কাছে রোববার নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তথ্যমতে, নৌকাটিতে ৩৮ জন আরোহী ছিলেন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক তোলায় এবং সঙ্গম ঘাটের কাছে কৃষ্ণ নদী উত্তাল থাকায় সেটি ডুবে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ২৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য ১২ জনের মধ্যে কয়েকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন এবং বাকিরা সাঁতরে কূলে পৌঁছেছেন। উদ্ধারাভিযান এখনো চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সঙ্গম ঘাটে কৃষ্ণ ও গোদাবরী নদী মিলিত হয়েছে। ‘পবিত্র আরতি’ দেখার জন্য নৌকার যাত্রীরা ভবানী দ্বীপ থেকে পবিত্র সঙ্গমে যাচ্ছিলেন। পবিত্র সঙ্গমে প্রতিদিন পবিত্র আরতি হয়, যা দেখতে অনেক লোকের সমাগম হয়।
এ ঘটনায় মারা যাওয়া অধিকাংশের বয়স ৫৫-৬০ বছরের মধ্যে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন নৌকার মাঝি সুরিবাবু।

