ঢাকাSaturday , 14 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান নিয়ন্ত্রণ সময়েরই দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা স্বার্থ সংগঠনগুলোর একটি ঢালাও অভিযোগ, বাজারের সব পণ্যের মান যাচাই হয়না। বিএসটিআই সনদ রয়েছে সহস্রাধিক খাদ্যপণ্যের মাত্র অর্ধশতাধিকের।
আরো অভিযোগ, মান যাচাই ছাড়া বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে প্রচুর পণ্য বাজারজাত তো হচ্ছেই, যেগুলোর সনদ দেওয়া হয়েছে সেগুলোর যথাযথ মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তাও নিবিড়ভাবে তদারক করা হচ্ছেনা।ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ মানহীন, মেয়াদোত্তীর্ণ, দূষিত খাবার খাচ্ছে।
এ বাস্তবতায় ‘নান্দনিক নগরায়নে মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ ৪৮তম বিশ্ব মান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। একথা নিঃসন্দেহেই যথার্থ যে, নগরের নান্দনিক অগ্রগতি ও উন্নয়নে মান যাচাই প্রক্রিয়ার কোন বিকল্প নেই। মান নিয়ন্ত্রণ সময়েরই দাবি।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি মোট ১৫৫টি পণ্যের মান যাচাই করে সংশ্লিষ্ট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানকে বাজারজাত করার জন্য সনদ প্রদান করে। এর মধ্যে ৬৪টি খাদ্য ও কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত যান্ত্রিক পণ্য। বাকিগুলোর মধ্যে ৪০টি রাসায়নিক পণ্য, ১১টি পাট ও টেক্সটাইল পণ্য, ২৫টি বৈদ্যুতিক এবং ১৫টি প্রকৌশল পণ্য। আবার ৬৪টি খাদ্য ওকৃষিপণ্যের মধ্যে খাদ্যপণ্য রয়েছে ৫৯টি। অথচ এর বাইরে রয়ে গেছে বেশ কয়েকগুণ খাদ্যপণ্য। যা কোন ধরনের মান যাচাই ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ ও এফবিসিসিআই’র সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)। সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব।
বিএসটিআই’র সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেকপরিচালক অধ্যাপক ড. গোলাম মাওলা জানান, বাজারের যেকোন পণ্যের দাম, ওজন ও মান নিয়ন্ত্রণ আবশ্যক।সব খাদ্যপণ্যতো বটেই, প্রক্রিয়াজাতকারী খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। এখন বিএসটিআইয়ের সক্ষমতা বাড়িয়ে মান নিয়ন্ত্রণের তালিকায় বহুল প্রচলিত নতুন নতুন খাদ্যপণ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যেনতেন পরিবেশে উৎপাদনের পর ইচ্ছেমতো বাজারজাত করা বহু খাদ্যপণ্য ব্যাকটেরিয়া, ভাইরাসসহ নানা জীবাণুযুক্ত ও বিষাক্ত। যা খেয়ে মানুষ উদরাময়সহ নানা সংক্রামক ও জটিল রোগে ভুগছে। বিশেষ করে শিশু ও বয়স্করাই বেশি দূর্ভোগের শিকার হচ্ছে।