ঢাকাSaturday , 14 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনেসকোর প্রথম ইহুদি প্রধান আজুলে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইউনেসকো ছাড়ার একদিন পর জাতিসংঘের এ সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হলেন এক ইহুদি।
বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের হুমকির মুখে থাকা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এবং শিক্ষা বিস্তারে কাজ করা জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকোর নির্বাহী বোর্ডে শুক্রবার ভোটাভুটির মাধ্যমে ফ্রান্সের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আদ্রে আজুলে এর মহাপরিচালক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাতারের হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি।
বৃহস্পতিবার প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে ইসরায়েল ইউনেসকো ছাড়ার ঘোষণা দেয়। সংস্থাটির নতুন মহাপরিচালক আদ্রে আজুলের সামনে এখন বড় চ্যালেঞ্জ তাদের ফিরিয়ে আনা অথবা তাদের বাদ রেখে কাজ এগিয়ে নেওয়া। তবে ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করার যে অভিযোগ আনা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, সে বিষয়ে আজুলের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, তা এখনো পরিষ্কার নয়।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইউনেসকোকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করেন এবং সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। তবে ইউনেসকোর বিদায়ী মহাপরিচালক ইরিনা বকোভা অভিযোগ অস্বীকার করে বলেছেন, নতুন মহাপরিচালকের কাজ করার অনেক সুযোগ রয়েছে।
শুক্রবার ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্যদের ভোটাভুটিতে আদ্রে আজুলে পেয়েছেন ৩০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কাতারের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আল-কাওয়ারি মাত্র দুই ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী উপসাগরীয় চার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের ভোট পাননি তিনি।