নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মিয়ানমারের ঘটনাকে মানবিক বিপর্যয় উল্লেখ করে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, হত্যা ও নিপীড়ন চলছে। রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘ ও বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
মিয়ানমারে এত বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি নীরব থাকায় তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন বক্তারা।
সংগঠনের সভাপতি লিটন জনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের নেতা সুজন বাজী, প্রেম লং, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক হায়াতুল্লাহ, বাংলাদেশ গারো আদিবাসী লীগের সভাপতি তুরষ দাংগ প্রমুখ।

