ঢাকাWednesday , 30 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনও ঈদ বোনাস পাননি শতভাগ গার্মেন্টস শ্রমিক

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র তিন দিন। কিন্তু এখনও ঈদের বোনাস পাননি দেশের শতভাগ গার্মেন্টস শ্রমিক। ২৪ আগস্টের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন গার্মেন্টস মালিকরা। তবে এ প্রতিশ্রুতি অনেক মালিকই রাখতে পারেননি বলে জানা গেছে। আর এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নেতারা এ বিষয়ের সত্যতা স্বীকার করলেও তা মানতে নারাজ শ্রম মন্ত্রণালয়।
জানা গেছে, দেশের ৭শ’-৮শ’ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছিল বিজিএমইএ। এর মধ্যে ২০-২২টি কারখানা কোনও শ্রমিককেই বেতন-বোনাস দিতে পারবে না বলে সংগঠনটি আশঙ্কা করেছিল। ওই সব কারখানায় শ্রমিক অসন্তোষ যাতে দেখা না দেয় সেজন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষ নজরও রাখা হয়েছিল।
সূত্র জানায়, গত এক সপ্তাহে প্রায় ৩০টি কারখানার বেতন-বোনাস সংক্রান্ত সমস্যার মীমাংসা করেছে বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বেতন-বোনাস নিয়ে যাতে শিল্পাঙ্গনে অস্থিরতা দেখা না দেয়, সেজন্য আমরা তৎপর রয়েছি। পোশাক শ্রমিকরা যাতে বেতন ও উৎসব ভাতা ঠিকমতো পান, সেজন্য সব কারখানায় মনিটরিংও করা হচ্ছে। যে সব কারখানায় সমস্যা হচ্ছে বা হবে বলে মনে করা হচ্ছে, সেগুলোয় আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে। এক্ষেত্রে কোনও কারখানা তাদের শ্রমিকদের বেতন পুরোপুরি দিতে না পারলে শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আংশিক বেতন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং বোনাসের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। একইসঙ্গে শ্রমিক অসন্তোষ যাতে দেখা না দেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। সমস্যা আছে, এমন কারখানাগুলোর মালিকদের আমরা বলে দিয়েছি, যেভাবেই হোক শ্রমিকের প্রাপ্য যেন বুঝিয়ে দেওয়া হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ড. আনোয়ার উল্লাহ বলেন, ‘আমাদের জানামতে, অধিকাংশ কারখানা উৎসব ভাতা পরিশোধ করেছে। এখনও পর্যন্ত বোনাস সংক্রান্ত জটিলতার সংবাদ পায়নি। ঈদকে সামনে রেখে দেশের সব কারখানা তাদের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করছে।’ এ প্রসঙ্গে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, ‘কোনও কারখানা মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলেই তাকে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যাপারে বাধ্য করছি আমরা। অনেক মালিককে তার বাসা থেকে ধরে এনে আমরা শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করেছি।’
তিনি আরও বলেন, ‘সমস্যা হতেই পারে। তবে এজন্য শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে এর সমাধান করতে হবে। শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে মালিকদের নেওয়া এক তরফা সিদ্ধান্ত আমরা বরদাশত করবো না।’
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর কোরবানির ঈদে বেতন-বোনাস পরিশোধের হার সবচেয়ে কম গাজীপুর এলাকার পোশাক কারখানাগুলোতে। এ অঞ্চলে ৭৬ শতাংশ কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেনি।
উল্লেখ্য, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার শিল্পাঞ্চলে পোশাক কারখানা রয়েছে তিন হাজার ২৭৮টি। শিল্প পুলিশ-১ ঢাকার আওতায় আশুলিয়া, সাভার, ধামরাই এলাকার মোট এক হাজার ৭৩টি কারখানার সিংহভাগই বস্ত্র ও পোশাক খাতের। শিল্প পুলিশ-২ গাজীপুরের আওতায় রয়েছে এক হাজার ৮০০টি পোশাক কারখানা। শিল্প পুলিশ-৩ চট্টগ্রামের আওতায় কারখানা রয়েছে এক হাজার ৮টি । শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের আওতায় রয়েছে দুই হাজার ৪৪২টি কারখানা।