আন্তর্জাতিক ডেস্ক : ক্যানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর, ১৮ বছর বয়সী আসামীর সঙ্গে কথা বলে খুব মায়া হয় এক পুলিশ কনস্টেবলের। অতঃপর তিনি ঐ তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন।
কনস্টেবল নিরান জয়ানেসান জানিয়েছেন, তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়েও গেছেন। ‘সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে’ উৎফুল্ল হয়ে জানান তিনি।
জানা গেছে, এক কঠিন সময়ে পার করছিল ঐ বেকার তরুণ। বাড়িতে অসুস্থ বাবা। পরিবারের ছিল না কোনো রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল। এ নিয়ে টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া জয়ানেসানের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই। আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।’ বিবিসি।

