নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে সিরিসেনা শুক্রবার সকাল নয়টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। ফুলের তোড়া দিয়ে শ্রীলঙ্কান প্রেসিডেন্টকে বরণ করে নেওয়া হয়।এরপর দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন। পরে দু’দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই দু’নেতার উপস্থিতিতে একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, কৃষিক্ষেত্রে সহযোগিতা, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচল, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, দু’দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, দু’দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা, ফরেন সার্ভিস ইন্সটিটিউটের মধ্যে এবং বাংলাদেশের বিস ও শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামা ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের মধ্যে চুক্তি ও এমওইউ স্মারক, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনের (এসএলএসআই) মধ্যে সহযোগিতা, দু’দেশের সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন সিরিসেনা। সেখানে তার সম্মানে দেয়া ভোজে অংশ নেবেন তিনি।
শনিবার ঢাকা ছাড়ার আগে এক বাণিজ্য সংলাপে অংশ নেবেন লঙ্কান প্রেসিডেন্ট সিরিসেনা। বৃহস্পতিবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসেন মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পরে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জাদুঘরে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুল। এই সফরে ৭৩ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে।

