নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ১৩ জুলাই (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন কয়েকটি জেলা পরিষদ ও পৌরসভাতেও ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ২৬ জেলার ডিসি ও এসপিদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।ইসির কর্মকর্তারা জানান, ১৩ জুলাই দেশের বিভিন্ন জেলার ৫৬ ইউপিতে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ২২ ইউপিতে সাধারণ, ৩৪ ইউপিতে উপ নির্বাচন এবং দুই ইউপিতে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন পাবনার সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডে উপ নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে ১৩ জুলাই অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনসমূহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করাসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে এ বিষয়ে যথার্থ নিদের্শনা দেয়ার অনুরোধ করা হয়েছে।
এ চিঠি যেসব জেলার ডিসি ও এসপিকে পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

