ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার কমিশন গঠনের আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর কিছু ধারা পরিমার্জন ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে সম্প্রচার কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।
সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে জানায়, তথ্য মন্ত্রণালয়ের ওপর উক্ত নীতিমালা বাস্তবায়নের সাময়িক দায়িত্ব না দিয়ে অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা দরকার। একই সঙ্গে সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার বেশকিছু নিবর্তনমূলক ধারা ও উপ-ধারা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পরিমার্জন না করা পর্যন্ত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার বাস্তবায়ন স্থগিত রাখা উচিত।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় অংশীজনদের কাছ থেকে তথ্য মন্ত্রণালয় কর্তৃক একাধিকবার মতামত সংগ্রহের উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত মনে করে টিআইবি। অন্যদিকে নীতিমালাটি অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট অংশীজন যে সুনির্দিষ্ট মতামত ও সুপারিশ করেছে তা সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় অনলাইন গণমাধ্যমসহ অন্যান্য গণমাধ্যমের স্বাধীনভাবে মত প্রকাশ ক্ষেত্রবিশেষে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’
নীতিমালায় অনলাইন গণমাধ্যমকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা স্পষ্ট নয় উল্লেখ করে ড. জামান বলেন, ‘বাংলাদেশে নিবন্ধিত সংস্থা বা প্রতিষ্ঠানকে অনলাইন গণমাধ্যম হিসেবে বিবেচনা করা এবং এর মাধ্যমে এসব সংস্থাকে গণমাধ্যম নীতিমালার আওতাভুক্ত করা অযৌক্তিক। তাই অনলাইন গণমাধ্যমের সংজ্ঞায়ন আরো স্পষ্টতর হওয়া বাঞ্ছনীয়।’
টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন যে, নীতিমালা অনুযায়ী অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা প্রস্তাবিত কমিশন কর্তৃক অনুমোদিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে, তা গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করতে পারে।
তা ছাড়া, এই নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ (১) উপধারা এবং (৮০) ও (৮৬) ধারা এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর ৫ (১.৩), ৫ (১.৫) ও ৫ (১.৯) বিতর্কিত ধারাসমূহ অর্ন্তভুক্ত হওয়ায় তা অনলাইন গণমাধ্যমসহ অন্যান্য গণমাধ্যমকেও মেনে চলতে হবে, যা গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের প্রধান অন্তরায় ও সংবিধান স্বীকৃত চিন্তা ও বিবেকের স্বাধীনতার পরিপন্থী।