ঢাকাMonday , 3 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় কোম্পানি হচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’ গঠন করছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য একটি কোম্পানি গঠনের প্রস্তাব উত্থাপন করলে বৈঠকে তার অনুমোদন দেওয়া হয়।
শফিউল আলম বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট শিগগিরই উৎক্ষেপণ করা হবে। এজন্যই নতুন এ কোম্পানি গঠন করা হচ্ছে। কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা। কোম্পানির ৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকা।’ কোম্পানি পরিচালনার জন্য একটি বোর্ড থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ১১ সদস্যের একটি বোর্ড থাকবে। এই বোর্ডই কোম্পানি পরিচালনা করবে। পদাধিকারবলে ডাক ও টেলিযোগাযোগ সচিব হবেন কোম্পানির চেয়ারম্যান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। বোর্ডের অন্যদের পদবী হবে পরিচালক।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্মড ফোর্সেস ডিভিশন, স্পারসোর চেয়ারম্যান, সরকারের দুজন প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগের বোর্ড সদস্য থাকবেন বোর্ডে।
এর আগে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর রেপ্লিকা হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে খরচ হবে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের স্পেস এক্স ও ফ্যালকন-৯ উৎক্ষেপণ যান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে এ বছরের ডিসেম্বরে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণ সফল হলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।