নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে কাশ্মীরি ক্যাম্প থেকে বিহারিদের উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট। সরকার দাবি না মানলে জাতিসংঘের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মিরপুরে উর্দুভাষীদের কাশ্মীরি ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে উচ্ছেদ বন্ধের দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের নেতারা বলেন, বিনা নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ২১ মে মিরপুর সেকশন ১১/এ ব্লকে কাশ্মীর ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালায়। সে সময় ঘর-বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। ঈদের পর আরো অভিযান চালাবে বলে জানানো হয়। যদি উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন যেগুলোকে অবৈধ বলছে, সেখানে আমরা ৪৬ বছর ধরে বাস করছি। সরকার ও রেডক্রস ক্যাম্পগুলো স্থাপন করেছিল।
উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়েলফেরায় মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, হায়দার, ফাহিম হোসেন রাজু প্রমুখ।

