আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসে একটি মসজিদে গাড়ি হামলা চালানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই হামলা চেষ্টার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মসজিদের সামনে একটি ভিড়ের মধ্যে গাড়ি হামলা চালানোর সময় গাড়িটি মসজিদের পার্শ্বদেয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়। ফলে হামলা ব্যর্থ হয়। কারো কোনো ক্ষতি হয়নি। গাড়িটি থেমে গেলে চালক পালিয়ে যায়।
এর আগে গত ১৯ জুন লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে এভাবেই গাড়ি হামলা চালিয়েছিল এক ব্রিটিশ। ওই ঘটনায় একজন নিহত হয়।
ফ্রান্সের ঘটনায় পালিয়ে যাওয়া চালককে কিছুক্ষণ পরই গ্রেপ্তার করে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম লা পারিসিয়ে জানায়, হামলাকারী আর্মেনীয় বংশোদ্ভূত। তিনি প্যারিসে আইএসের হামলার প্রতিশোধ নিতে চেয়েছিলেন বলে জানায় সংবাদমাধ্যমটি। সে সময় তিনি মাদকাসক্ত ছিলেন না বলেও জানায় তারা।

