নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের চার লাখ ২৬৬ কোটি টাকার জাতীয় বাজেট পাস পাস হয়েছে। বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে আগামী অর্থবছরের জন্য এ বাজেট পাস হয়। ১ জুলাই শনিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হবে।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে সকাল ১০টায় অধিবেশন শুরু হয়। স্পিকার অধিবেশনের শুরুতেই মঞ্জুরি দাবিতে আলোচনা করার কথা জানান। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এসব দাবিতে আলোচনা করেন। এর আগে সংসদে বাজেটের ওপর ৫৫ ঘণ্টা আলোচনার হয়। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের চতুর্থ বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের টানা নবম বাজেট।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১ জুন সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের উপস্থিতিতে তা পাস হয়।

